এমন ধর্ম্ম নাই | দ্বিজেন্দ্রলাল রায়
নিজস্ব প্রতিবেদক : ॐ তত্ত্বদর্শী~TatwaDarshi~तत्त्वदर्शी ॐ
১
ঐ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হো!
কার্ত্তিক, গণপতি---
আর দুর্গা, কালী, জগদ্ধাত্রী,
লক্ষ্মী, সরস্বতী,---
আর শচী, ঊষা, ইন্দ্র, চন্দ্র,
বায়ু, অগ্নি, যম;---
ঐ সবই আছে --- হিন্দুধর্ম্ম
তব্ কিসে কম?---
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
ছেড়ো না ক ভাই;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
২
ঐ কৃষ্ণ রাধা, কৃষ্ণের দাদা বলরাম বীর
আর শ্রীরাম, বুদ্ধ, শ্রীচৈতন্য,
নানক ও কবীর;
হন নিত্য নিত্য উদয়, নব নব অবতার;
ব্যস্---বেছে নেও---মনোমত
যিনি হন যাঁর!---
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
ছেড়ো না ক ভাই;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
৩
আছে বানর, কুমীর, কাঠবিড়ালী,
ময়ূর, পেঁচা, গাই---
আর তুলসী, অশথ, বেল, বট, পাথর---
কি এ ধর্ম্মে নাই!
ঐ বসন্ত, কলেরা, হাম---ইত্যাদি “বেবাক্”
সবই রোগের ব্যবস্থা আছে---
কিছু যায় নি ফাঁক।
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
ছেড়ো না ক ভাই;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
৪
যদি চরই হও, কি ডাকাত হও---
তা গঙ্গায় দেও গে ডুব;
আর গয়া, কাশী, পূরী যাও সে---
পূণ্যি হবে খুব;
আর মদ্য, মাংস খাও --- বা যদি
হ’য়ে পড় শৈব;
আর না খাও যদি বৈষ্ণব হও;---
এর গুণ কত কৈব।
(কোরাস) ছেড়ো না ক এমন ধর্ম্ম,
ছেড়ো না ক ভাই;
এমন ধর্ম্ম নাই আর দাদা,
এমন ধর্ম্ম নাই!
[বাদ্য] তড়ালাক্ তড়ালাক্ তড়ালাক্ ডুম্।
======

মন্তব্যসমূহ